পে স্কেলের সুপারিশ জমা দেওয়ার সময় জানালেন অর্থ উপদেষ্টা
সরকারি কর্মকর্তা–কর্মচারীদের নতুন বেতন-ভাতার সুপারিশ করে আগামীকাল বুধবার প্রতিবেদন জমা দেবে বেতন কমিশন। কমিশনের প্রধান জাকির আহমেদ খান কমিশনের সব সদস্যকে সঙ্গে নিয়ে কাল বিকেল পাঁচটায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার কাছে এ প্রতিবেদন জমা দেবেন। অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ এ সময় উপস্থিত থাকবেন। সচিবালয়ে আজ দুপুরে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ প্রথম আলোকে এসব তথ্য জানান। জানতে চাইলেও অর্থ উপদেষ্টা বেতন কমিশনের প্রতিবেদন জমা হওয়ার আগপর্যন্ত এর বাইরে কোনো মন্তব্য করতে রাজি হননি। দায়িত্বশীল সূত্রে জানা গেছে, বেতন কমিশন ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে আংশিক বেতনকাঠামো বাস্তবায়নের সুপারিশ করেছে। এটি পুরো মাত্রায় কার্যকর হবে ২০২৬–২৭ অর্থবছরের প্রথম দিন, অর্থাৎ আগামী ১ জুলাই থেকে।