এক কলেজ থেকে মেডিকেলে সুযোগ পেলেন ১০৮ শিক্ষার্থী, দেওয়া হলো সংবর্ধনা
বগুড়ার সরকারি আজিজুল হক কলেজ থেকে এ বছর ১০৮ শিক্ষার্থী সরকারি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন। মঙ্গলবার (২৭ জানুয়ারি) বেলা ১১টায় অভাবনীয় এই সাফল্য উদ্যাপনে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করে কলেজ কর্তৃপক্ষ। ‘অদম্য সাধনাই আনে কাঙ্ক্ষিত সফলতা’— এ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. মাহফুজুল ইসলাম। শিক্ষার্থীদের এ সাফল্যের নেপথ্যের কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী এ বিদ্যাপীঠের সাফল্য সম্ভব হয়েছে বিশেষায়িত শিক্ষা কার্যক্রমের কারণে। উচ্চ মাধ্যমিকের জন্য আলাদা ভবন এবং অভিজ্ঞ শিক্ষকদের নিবিড় তত্ত্বাবধান শিক্ষার্থীদের গড়ে তুলতে সাহায্য করে। এখানে নিয়মিত ক্লাসের পাশাপাশি ক্যাম্পাস রাজনীতিমুক্ত রাখা হয়েছে, যা পড়াশোনার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করে।