জুনিয়র বৃত্তি পাবেন ৪৬ হাজার শিক্ষার্থী, ফল 'এ সপ্তাহেই'
চলতি সপ্তাহেই' প্রকাশিত হতে যাচ্ছে জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল।
এ বছর ৪৬ হাজার ২০০ শিক্ষার্থী বৃত্তির জন্য নির্বাচিত হবেন। তাদের মধ্যে ১৪ হাজার ৭০০ শিক্ষার্থী ট্যালেন্টপুলে বা মেধাবৃত্তি এবং ৩১ হাজার ৫০০ শিক্ষার্থী সাধারণ বৃত্তি পাবেন।
বুধবার এ জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল প্রকাশিত হওয়ার 'সম্ভাবনা' রয়েছে বলে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিকল্পনা ও উন্নয়ন উইংয়ের সহকারী পরিচালক কামরুন নাহার জানিয়েছেন।
গত ২৮ ডিসেম্বর শুরু হয়েছিল জুনিয়র বৃত্তি পরীক্ষা, যা শেষ হয় ৫ জানুয়ারি। ২০২৫ সালে অষ্টম শ্রেণি উত্তীর্ণ ৩ লাখ ১৫ হাজার ১৬০ জন শিক্ষার্থী এ পরীক্ষায় অংশ নিয়েছিলেন। ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের তদারকিতে এ পরীক্ষার ফল প্রক্রিয়া করছে নয়টি শিক্ষা বোর্ড।
ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ও আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার সোমবার দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বৃত্তি পরীক্ষার ফল চলতি সপ্তাহেই প্রকাশিত হওয়ার কথা আছে। আমরা ইতোমধ্যে বৃত্তির কোটা বণ্টনের আদেশ পেয়েছি। মন্ত্রণালয়ের অনুমতি সাপেক্ষে দ্রুতই ফল বা বৃত্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা সম্বলিত গেজেট প্রকাশ করা হবে।"
৪৬ হাজার ২০০ শিক্ষার্থীকে বৃত্তি দেওয়ার ঘোষণা দিয়ে জুনিয়র বৃত্তির কোটা বণ্টনের আদেশ জারি করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।
অধিদপ্তরের পরিকল্পনা ও উন্নয়ন উইংয়ের সহকারী পরিচালক কামরুন নাহার সোমবার দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "১৪ হাজার ২০০ শিক্ষার্থীকে মেধাবৃত্তি ও ৩১ হাজার ৫০০ শিক্ষার্থীকে সাধারণ বৃত্তিদেওয়ার ঘোষণা দিয়ে বৃত্তির কোটা বণ্টন করা হয়েছে।
"মেধাবৃত্তিপ্রাপ্তরা বছরে এককালীন ৫৬০ টাকা ও প্রতিমাসে ৪৫০ টাকা হারে বৃত্তি পাবেন। আর সাধারণ বৃত্তিপ্রাপ্তরা বছরে ৩৫০ টাকা ও মাসে ৩০০ টাকা পাবেন। আগামী দুই বছর তারা এ সুবিধা পাবেন। বুধবার বৃত্তি পরীক্ষার ফল বা বৃত্তি পাওয়া শিক্ষার্থীদের তালিকাসহ গেজেট প্রকাশে শিক্ষা মন্ত্রণালয় সম্মতি দিয়েছে।"
বৃত্তির কোটা বণ্টনের আদেশ অনুযায়ী, ঢাকা বোর্ডের ৩ হাজার ৬৩৫ শিক্ষার্থী মেধা বৃত্তি ও ৭ হাজার ৭৯০ শিক্ষার্থী সাধারণ বৃত্তি পাবেন। ময়মনসিংহ বোর্ডের ৯৬৭ শিক্ষার্থী মেধা বৃত্তি ও ২ হাজার ৭৩ শিক্ষার্থী সাধারণ বৃত্তি রাজশাহী বোর্ডের ১ হাজার ৯২৬ শিক্ষার্থী মেধা বৃত্তি ও ৪ হাজার ১২৮ শিক্ষার্থী সাধারণ বৃত্তি, কুমিল্লা বোর্ডের ১ হাজার ৬৭৭ শিক্ষার্থী মেধা বৃত্তি ও ৩ হাজার ৫৯৩ শিক্ষার্থী সাধারণ বৃত্তি, সিলেট বোর্ডের ৯৪৮ শিক্ষার্থী মেধা বৃত্তি ও ২ হাজার ৩০ শিক্ষার্থী সাধারণ বৃত্তি এবং বরিশাল বোর্ডের ৮৭৩ শিক্ষার্থী মেধা বৃত্তি ও ১ হাজার ৮৭১ শিক্ষার্থী সাধারণ বৃত্তি পাবেন।
এছাড়া যশোর বোর্ডের ১ হাজার ৬৬২ শিক্ষার্থী মেধা বৃত্তি ও ৩ হাজার ৫৬১ শিক্ষার্থী সাধারণ বৃত্তি, চট্টগ্রাম বোর্ডের ১ হাজার ২১০ শিক্ষার্থী মেধা বৃত্তি ও ২ হাজার ৫৯৩ শিক্ষার্থী সাধারণ বৃত্তি এবং দিনাজপুর বোর্ডের ১ হাজার ৮০২ শিক্ষার্থী মেধা বৃত্তি ও ৩ হাজার ৮৬১ শিক্ষার্থী সাধারণ বৃত্তি পাবেন।

Comments
Post a Comment