বিশ্বকাপের বদলি টুর্নামেন্টের ফাইনাল আজ
টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের অংশগ্রহণ না থাকায় এই সময়ে বিকল্প আয়োজন হিসেবে অদম্য টি–টোয়েন্টি কাপের আয়োজন করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। গত বৃহস্পতিবার শুরু হওয়া তিন দলের এই ছোট পরিসরের টুর্নামেন্টের মূল উদ্দেশ্য ছিল খেলোয়াড়দের ম্যাচ অনুশীলন চালু রাখা, মানসিকভাবে প্রস্তুত থাকা এবং আর্থিক সহায়তা দেওয়া।
এই প্রতিযোগিতায় তিনটি ভিন্ন কাঠামোর দল অংশ নেয়। অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপ খেলে ফেরা কম বয়সী ক্রিকেটারদের নিয়ে গড়া হয় দুরন্ত একাদশ। জাতীয় দলের ক্রিকেটারদের সমন্বয়ে তৈরি করা হয় ধূমকেতু একাদশ। আর বাংলাদেশ ‘এ’ দলের খেলোয়াড়দের নিয়ে গঠন করা হয় দুর্বার একাদশ। প্রতিটি দলই আলাদা অভিজ্ঞতা ও প্রস্তুতির লক্ষ্য নিয়ে মাঠে নামে।
গ্রুপ পর্বের সব ম্যাচ শেষে আজ (৯ ফেব্রুয়ারি) টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে। মিরপুরের শেরে–ই–বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা ৬টায় শিরোপার জন্য মুখোমুখি হবে লিটন দাসের নেতৃত্বাধীন ধূমকেতু একাদশ এবং নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে দুর্বার একাদশ।
আড়াই কোটি টাকা প্রাইজমানির এই টুর্নামেন্ট প্রত্যাশিত উত্তেজনা কিংবা দর্শক টানতে পারেনি। একটি ম্যাচ ছাড়া বাকি খেলাগুলোতে প্রতিদ্বন্দ্বিতার ঘাটতি ছিল স্পষ্ট। পারফরম্যান্সের বিচারে সবচেয়ে ধারাবাহিক ছিল দুর্বার একাদশ। দুটি ম্যাচ জিতে পয়েন্ট তালিকার শীর্ষে থেকেই তারা ফাইনালে ওঠে। ধূমকেতু একাদশ এক জয় নিয়ে দ্বিতীয় স্থান নিশ্চিত করে শিরোপা লড়াইয়ের টিকিট কাটে। তরুণদের নিয়ে গড়া দুরন্ত একাদশ কোনো ম্যাচেই জয়ের মুখ দেখেনি।
বিশ্বকাপের সময়ে ক্রিকেটারদের মাঠের ভেতর ব্যস্ততা ধরে রাখতেই বিসিবির এই উদ্যোগ। তবে সুযোগ থাকা সত্ত্বেও টুর্নামেন্টজুড়ে তরুণ ক্রিকেটারদের কাছ থেকে বড় ধরনের কোনো পারফরম্যান্স চোখে পড়েনি।

Comments
Post a Comment