লন্ডনে মার্কিন দূতাবাসমুখে পদযাত্রা ‘ইরাকে আগ্রাসনেরও প্রতিবাদ করেছিলাম, কিন্তু আমাদের কথা শোনা হয়নি

 

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা বন্ধের দাবিতে বিশাল বিক্ষোভ হয়েছে যুক্তরাজ্যে, মধ্য লন্ডনে মার্কিন দূতাবাসের দিকে পদযাত্রা করেছেন হাজারো মানুষ।

শনিবার বিকেলে ওয়েস্টমিনস্টারের কাছে মিলব্যাংকে জড়ো হন বিক্ষোভকারীরা। এরপর ক্যাম্পেইন ফর নিউক্লিয়ার ডিসআর্মামেন্ট (সিএনডি), স্টপ দ্য ওয়ার, প্যালেস্টাইন সলিডারিটি ক্যাম্পেইন, মুসলিম অ্যাসোসিয়েশন অব ব্রিটেন, প্যালেস্টিনিয়ান ফোরাম ইন ব্রিটেন এবং ফ্রেন্ডস অব আল-আকসার মতো সংগঠনগুলো দূতাবাসের দিকে এই পদযাত্রার নেতৃত্ব দেয়।

অনেক বিক্ষোভকারীর হাতে ছিল ইরান ও ফিলিস্তিনের পতাকা। এ ছাড়া ২৮ ফেব্রুয়ারি যুদ্ধের প্রথম হামলায় নিহত ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ছবিও বহন করছিলেন অনেকে। 

হাতে থাকা প্ল্যাকার্ডগুলোতে লেখা ছিল—‘ট্রাম্পের যুদ্ধ বন্ধ করো’, ‘ইরানে যুদ্ধ বন্ধ করো’, ‘ইসরায়েলকে অস্ত্র দেওয়া বন্ধ করো’ এবং ‘ইরানের ওপর যুদ্ধ নয়’।

ভক্সহলে মার্কিন দূতাবাসের বাইরে ‘ইওর পার্টি’র সংসদ সদস্য জারা সুলতানা বিক্ষোভকারীদের উদ্দেশে বলেন, ‘আমাদের ফের অবহেলা করা চলবে না।’

২০০৩ সালে মার্কিন নেতৃত্বাধীন জোটের ইরাক আগ্রাসন এবং স্বৈরশাসক সাদ্দাম হোসেনের পতনের কথা স্মরণ করে তিনি উপস্থিত জনতাকে বলেন, ‘তখন আমাদের বলা হয়েছিল, ইরাকে গণবিধ্বংসী অস্ত্র রয়েছে। আমাদের বলা হয়েছিল, এই যুদ্ধ ইরাকিদের রক্ষা করবে এবং বিশ্বকে নিরাপদ করবে। কিন্তু আসল সত্যটি ছিল সম্পূর্ণ ভিন্ন।’

কভেন্ট্রি সাউথ এলাকার এই সাবেক লেবার এমপি আরও বলেন, ‘২৩ বছর আগে যখন আমরা ইরাক যুদ্ধের বিরুদ্ধে পদযাত্রা করেছিলাম, তখন আমাদের কথা শোনা হয়নি। আমাদের আর উপেক্ষা করা যাবে না। কারণ, ইতিহাস প্রমাণ করেছে যে তারা (ইরাক) সঠিক ছিল। আজ আমরা শান্তি, ন্যায়বিচার এবং এমন এক বিশ্বের জন্য আওয়াজ তুলেছি, যেখানে সরকারগুলো অতীত থেকে শিক্ষা নেবে। 

Comments