ইরানে খামেনির ভূমিকায় নেতৃত্ব পরিষদ, নতুন সদস্য হলেন আলিরেজা আরাফি
গতকাল শনিবার সকালে ইরানজুড়ে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। হামলায় তেহরানে নিজের কার্যালয়ে নিহত হয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি।
ইরানের সংবাদ সংস্থা ইসনা জানিয়েছে, দেশের বিশেষজ্ঞ পরিষদ (অ্যাসেম্বলি অব এক্সপার্টস) নতুন সর্বোচ্চ নেতা নির্বাচন করবে। সে পর্যন্ত নেতৃত্ব পরিষদ সর্বোচ্চ নেতার দায়িত্ব পালন করবে। এই পরিষদে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং প্রধান বিচারপতি গোলাম হোসাইন মোহসেনি এজেয়ির সঙ্গে দায়িত্ব পালন করবেন আলিরেজা আরাফি।
আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে ইরানে ৪০ দিনের শোক এবং সাত দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। তাঁর মৃত্যুতে তেহরানের এঙ্গেল্যাব স্কয়ারে কালো পোশাক পরে অনেককে শোক প্রকাশ করতে দেখা গেছে। তারা ‘আমেরিকা নিপাত যাক’ ও ‘ইসরায়েল নিপাত যাক’ বলে স্লোগান দিচ্ছিলেন।
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এই হত্যাকাণ্ডকে মুসলিমদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ‘যুদ্ধ ঘোষণা’ হিসেবে বর্ণনা করেছেন। দেশটির ইসলামি রেভোল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) এই ঘটনার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছে।

Comments
Post a Comment