তিন বছরের সন্তানকে ‘প্রেমিকের সহায়তায় হত্যা করে’ ট্রাংকে লাশ লুকালেন মা
গোপালগঞ্জ সদর উপজেলায় একটি বাসার টিনের ট্রাংক থেকে তিন বছরের এক শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ওই শিশুর মাকে আটক করা হয়েছে। পুলিশ বলছে, পরকীয়ার জের ধরে নিজের শিশুকন্যাকে হত্যা করে প্রেমিকের সঙ্গে পালিয়ে গিয়েছিলেন মা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই নারীর স্বামী প্রবাসী। প্রায় ছয় মাস আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ফরিদপুরের সদরপুর থানার মিরাজ মোল্লার সঙ্গে ওই নারীর পরিচয় হয়। পরে তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। এই সম্পর্কের জের ধরে গত ১৭ জানুয়ারি সন্ধ্যায় ওই নারী তাঁর প্রেমিকের সহায়তায় নিজ সন্তানের গলায় ওড়না পেঁচিয়ে শ্বাস রোধ করে হত্যা করেন। পরে শিশুটির মরদেহ বাড়ির ট্রাংকের ভেতর লুকিয়ে রাখা হয়। ঘটনার পর প্রেমিকের সঙ্গে পালিয়ে যান ওই নারী। পরে প্রেমিক ওই নারীকে রেখে চলে গেলে আজ শনিবার সকালে তিনি বাবার বাড়িতে ফিরে আসেন।
পুলিশ জানায়, পরিবারের সদস্যরা ওই নারীকে শিশুসন্তানের বিষয়ে জানতে চাইলে তিনি সন্তানকে হত্যার কথা স্বীকার করেন। পরে পরিবারের লোকজন ওই নারীকে আটক করে গোপালগঞ্জ সদর থানায় নিয়ে যান। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে গোপালগঞ্জ সদর থানার পুলিশ স্বামীর বাড়ির ট্রাংক থেকে আজ বেলা সাড়ে ১১টার দিকে শিশুটির মরদেহ উদ্ধার করে।
গোপালগঞ্জ জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মুহাম্মদ সরোয়ার হোসেন বলেন, অর্ধগলিত অবস্থায় শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।
Comments
Post a Comment