আপনার ভোটকেন্দ্র কোথায়, জানতে পারবেন চার উপায়ে

ঢাকা-১০ আসনের ভোটার শামিমা নাসরিন। তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেবেন। কিন্তু তিনি জানেন না, তাঁর ভোটকেন্দ্র কোথায়?

এমন সমস্যায় যেসব ভোটার আছেন, তাঁদের জন্য উপায় বাতলে দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ইসি বলেছে, চারটি সহজ পদ্ধতিতে ভোটাররা নিজ নিজ ভোটকেন্দ্রের তথ্য জানতে পারবেন।

ইসির পক্ষ থেকে বলা হয়েছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের ভোট দেওয়ার সুবিধার্থে ভোটার নম্বর ও ভোটকেন্দ্রের তথ্য জানার জন্য চারটি পদ্ধতি চালু করা হয়েছে। এসব পদ্ধতির মাধ্যমে ভোটাররা দ্রুত ও নির্ভুলভাবে ভোটার নম্বর ও ভোটকেন্দ্রের তথ্য জানতে পারবেন। 

পদ্ধতি-১: স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি অ্যাপ

ভোটাররা স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি অ্যাপের মাধ্যমে ভোটার নম্বর ও ভোটকেন্দ্রের তথ্য জানতে পারবেন। এ জন্য ভোটারকে গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ‘স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি’ অ্যাপ ডাউনলোড করে ইনস্টল করতে হবে। অ্যাপ ইনস্টলের পর ড্যাশবোর্ড থেকে ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন’ অপশনটি সিলেক্ট (নির্বাচন) করতে হবে। ‘ভোটকেন্দ্র খুঁজুন’ অপশনে ক্লিক করতে হবে। জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নম্বর ও জন্মতারিখ ইনপুট দিয়ে অনুসন্ধান করতে হবে। অনুসন্ধানে ভোটার নম্বর, ভোটার ক্রমিক নম্বর, ভোটকেন্দ্রের নাম ও কেন্দ্রের ঠিকানা প্রদর্শিত হবে।

পদ্ধতি-২: হটলাইন নম্বর

বাংলাদেশের যেকোনো ভোটার ১০৫ হটলাইন নম্বরে কল করে ভোটার নম্বর ও ভোটকেন্দ্রের তথ্য জানতে পারবেন। এ জন্য হটলাইন নম্বরে (১০৫) কল করার পর অপারেটরের সঙ্গে কথা বলতে ৯ চাপতে হবে। এ পদ্ধতিতে তথ্য জানতে ভোটারের এনআইডি নম্বর ও জন্মতারিখ প্রয়োজন হবে। এ জন্য এসব তথ্য হাতে নিয়ে হটলাইন নম্বরে (১০৫) কল করতে হবে। প্রতিদিন সকাল ৬টা থেকে দিবাগত রাত ১২টা পর্যন্ত এ সেবা চালু থাকবে। 

পদ্ধতি-৩: এসএমএস সেবা

খুদে বার্তা বা এসএমএসের মাধ্যমে ভোটার নম্বর ও ভোটকেন্দ্রের তথ্য জানা যাবে। এ জন্য মোবাইলের মেসেজ অপশনে গিয়ে ‘পিসি এনআইডি’ (PC NID) লিখে ১০৫ নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ভোটার নম্বর ও ভোটকেন্দ্রের তথ্য জানিয়ে দেওয়া হবে।

পদ্ধতি-৪: নির্বাচন কমিশনের ওয়েবসাইট

নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইট থেকে ভোটার নম্বর ও ভোটকেন্দ্রের তথ্য জানা যাবে। এ জন্য ল্যাপটপ, কম্পিউটার বা মোবাইলের যেকোনো ব্রাউজার থেকে ইসির ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। ওয়েবসাইটের ‘ভোটকেন্দ্র’ মেনুতে ক্লিক করলে ভোটকেন্দ্র অনুসন্ধানের অপশন পাওয়া যাবে। ওয়েবসাইটে দুটি উপায়ে ভোটকেন্দ্র খোঁজা যাবে। প্রথমত, নির্বাচনী এলাকা বা উপজেলা/থানা সিলেক্ট (নির্বাচন) করে সংশ্লিষ্ট কেন্দ্রের তালিকা দেখা যাবে। দ্বিতীয়ত, এনআইডি নম্বর ও জন্মতারিখ দিয়ে অনুসন্ধান করলে ভোটার নম্বর ও ভোটকেন্দ্রের তথ্য জানা যাবে। 

ছাড়া ওয়েবসাইটে ভোটকেন্দ্রের অবস্থান সরাসরি গুগল ম্যাপে দেখার সুবিধা আছে। গুগল ম্যাপের মাধ্যমে ভোটকেন্দ্রের দূরত্বসহ যাওয়ার পথ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন বিষয়ে গণভোট অনুষ্ঠিত হবে

Comments

Popular posts from this blog

Messi in harness as Argentina promise fireworks

সুখবর হচ্ছে বাংলাদেশই তৈরি হচ্ছে করোনাভাইরাসের প্রতিষেধক অ্যাভিগান