সীমান্ত এলাকাসহ দেশের বিভিন্ন স্থানে ২০২৫ সালজুড়ে অভিযান চালিয়ে প্রায় ১ হাজার ৯০৮ কোটি ২৮ লাখ টাকা দামের বিভিন্ন ধরনের চোরাচালান পণ্য ও অস্ত্র জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একই সময়ে মাদক পাচার, চোরাচালান ও অবৈধভাবে সীমান্ত পারাপারের অভিযোগে ১৪ হাজারের বেশি ব্যক্তিকে আটক করা হয়েছে। সোমবার বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত চালানো অভিযানে উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে ৬৪টি পিস্তল, ২টি এসএমজি, ১০টি রাইফেল, ৩টি রিভলবার, ৫৬টি বিভিন্ন ধরনের গান, ১৯টি হ্যান্ড গ্রেনেড, ৮টি মর্টার শেল, ৪টি মাইন ও বিপুল পরিমাণ গোলাবারুদ। এ ছাড়া ১ হাজার ৫০৯টি গুলি, ৫৭টি ম্যাগাজিন, ৭৩ হাজার ১০০টি সিসার গুলি, ২০ দশমিক শূন্য ৫ কেজি গানপাউডার, ৭৯টি হাতবোমা, ৪০টি পেট্রলবোমা ও ১৭৮টি ককটেল জব্দ করা হয়।